সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
যুগশঙ্খ ডেস্ক : সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (১৪মার্চ) মধ্যরাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির পর রোববার ভোররাতে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি আঘাত হানে। বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
আকস্মিক এই বৃষ্টিতে ঈদের কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিপাকে পড়েন। বৃষ্টির কারণে মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট।
আজ রোববার (১৫ মার্চ) ভোররাতে শুরু হওয়া শিলাবৃষ্টি সিলেট নগরী ছাড়াও সদর উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং কানাইঘাটসহ বিভিন্ন এলাকায় আঘাত হানে। অনেকেই হাতের মধ্যে শিলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) স্ট্যাটাস দিয়েছেন।
এদিকে এভাবে দফায় দফায় শিলাবৃষ্টি হলে বোরো ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবজি চাষিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বজ্রসহ বৃষ্টির কারণে সিলেট নগরী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দীর্ঘ সময় অন্ধকারে কাটাতে হয় অনেক এলাকার বাসিন্দাদের।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, প্রবল ঝড়-বৃষ্টির কারণে দপ্তরের আওতাধীন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আশা করা যায় শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৭১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।