ঢাকা, বাংলাদেশ

চীনে টানা দ্বিতীয়বারের মতো কমেছে স্বর্ণের চাহিদা

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : চীনে স্বর্ণের দাম ২০২৫ সালে টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। তবে এ সময় প্রথমবারের মতো বার ও কয়েন বিক্রি গহনার চাহিদাকে ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, চীনে গত বছর স্বর্ণের মোট ব্যবহার ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৯৫০ দশমিক ৯৬ টনে নেমেছে। এর আগে ২০২৪ সালে এটি ৯ দশমিক ৫৮ শতাংশ কমে ৯৮৫ দশমিক ৩১ টন হয়েছিল।

সংস্থাটির বিশ্লেষকরা জানিয়েছেন, ভোক্তারা ক্রমেই আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আরো নির্ভরশীল হয়ে উঠছেন। ২০২৫ সালে চীনে বার ও কয়েনের ক্রয় প্রথমবার গহনাকে ছাড়িয়ে গেছে। চীনে গত বছর স্বর্ণের গহনার ক্রয় ৩১ দশমিক ৬১ শতাংশ কমে ৩৬৩ দশমিক ৮৩৬ টনে নেমেছে, যা মোট স্বর্ণ ব্যবহারের মাত্র ৩৮ দশমিক ২৯ শতাংশ। এর আগে এটি মোট ব্যবহারের অর্ধেকের বেশি ছিল। একই সময় বার ও কয়েনের ক্রয় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫০৪ দশমিক ২৩৮ টনে দাঁড়িয়েছে, যা মোট ব্যবহারের অর্ধেকের বেশি।

২০২৫ সালে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জের চুক্তিসহ স্বর্ণের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক মূল্যবৃদ্ধি।

খাতসংশ্লিষ্টরা আরো জানান, অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে ভোক্তাদের কাছে গহনার চাহিদা বেড়েছে। একই সময় ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যবান ধাতুটির বার ও কয়েনের চাহিদা বেড়েছে।

যুগশঙ্খ