ঢাকা, বাংলাদেশ

এশিয়ায় তেল সংকট সামাল দিতে ১০ বিলিয়ন ডলার দেবে জাপান

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকের সময় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঘোষণা দেন।

পেট্রোলিয়ামজাত পণ্যের জন্য জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম অন্যতম। বুধবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি এই পারস্পরিক নির্ভরতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার মাধ্যমে জাপান এশিয়ার প্রতিটি দেশের সঙ্গে যুক্ত। দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল।


জাপানের এই সহযোগিতা কাঠামোর মূল লক্ষ্য হলো এশীয় দেশগুলোকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংগ্রহে সহায়তা করা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জ্বালানির মজুত বৃদ্ধিতে সাহায্য করা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১০ বিলিয়ন ডলার আসিয়ান জোটের দেশগুলোর প্রায় এক বছরের অপরিশোধিত তেল আমদানির খরচের সমান।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়াসহ বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতারা জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই প্রকল্পের অর্থায়ন আসবে বিভিন্ন উৎস থেকে। এর মধ্যে আছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স, জাইকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক।

এই উদ্যোগ জাপানের অভ্যন্তরীণ তেল সরবরাহের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সানায়ে তাকাইচি।

সূত্র : বিবিসি

যুগশঙ্খ