ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাটকীয় পরিস্থিতির জন্ম দিয়েছে পাকিস্তান। দল ঘোষণা করলেও নতুন করে তাতে অংশগ্রহণের বিষয়টি নিয়ে জলঘোলা করছে তারা। সর্বশেষ বাংলাদেশের সমর্থনে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি। সেখান থেকেও কোনও সিদ্ধান্ত আসেনি।

মহসিন নাকভি নতুন করে জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার।


সোমবার (২৬ জানুয়ারি) ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন নাকভি। বৈঠকে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের অবস্থান প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একমত হওয়া গেছে যে, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।’

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন আইসিসি বাংলাদেশের ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের আবেদন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই অনুরোধ নাকচ হওয়ার পরই বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তানে।

যুগশঙ্খ