নির্বাচন নিয়ে সেনাবাহিনীর জরুরি বার্তা!
নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর এলাকার তিনটি সংসদীয় আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলোকে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ—এই তিন ক্যাটাগরিতে ভাগ করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে। লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি, যাতে ভুল তথ্যের কারণে কোনো উসকানিমূলক পরিস্থিতির সৃষ্টি না হয়। একই সঙ্গে তিনি নির্বাচনের মাঠে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।