ঢাকা, বাংলাদেশ

দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। বুধবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

ইসির পাঠানো বার্তায় বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন।

এ ছাড়া ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

ইসি আরও জানিয়েছে, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোট দিয়েছেন। ৬ লাখ ১৩ হাজার ৫১০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি ব্যালট গ্রহণ করেছেন।

যুগশঙ্খ