জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।