সংসদে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) বিকেল সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
এদিন সংসদ অধিবেশন চলাকালে স্পিকারের অনুমতি সাপেক্ষে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল-বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না; এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না। বিরোধী দলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে আসন ছেড়ে বের হয়ে যান। এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াকআউট করেছিল বিরোধী দল।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বুধবারের অধিবেশন শুরু হওয়ার পর প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।