রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি
যুগশঙ্খ ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সারাদেশে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ফলে বুধবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হয় এবং দিবাগত ভোর রাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এদিকে চলতি বছরের রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট।
এর আগে বিগত সময়গুলোয় সাহরির শেষ সময় নির্ধারণ করা হতো সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হতো। কিন্তু এবার সাহরির সময় শেষেই ফজরের ওয়াক্তের শুরু ধরা হয়েছে। সতর্কতামূলক সময়সূচি বাদ দেয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের শীর্ষস্থানীয় মুফতিদের মাধ্যমে এই সময় নির্ধারণ করা হয়েছে।
এ বছর ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলার জন্য ৬৪টি পৃথক সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ জন্য চলতি বছর রাজধানীর সঙ্গে দূরত্ব অনুযায়ী কোনো জেলার রোজাদার ব্যক্তিকে যোগ বা বিয়োগ করে সময় বের করার প্রয়োজন হবে না। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ীই সাহরি ও ইফতার করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
সময়সূচিতে জানানো হয়েছে, জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অনুযায়ী সময়ের ব্যবধান হয়ে থাকে। এ কারণে জেলার ভারসাম্য রক্ষায় সাহরির সময় জেলার পূর্ব প্রান্ত এবং ফজরের আজানের সময়টি জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ইফতারের ক্ষেত্রে জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।