ঢাকা, বাংলাদেশ

বিশ্ববাজারে সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে। গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এসব কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। মূলত ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজার চাপ থাকায় এর প্রভাব পড়েছে খাদ্যশস্যের ওপর। কারণ, বর্তমানে জৈব জ্বালানি তৈরিতে সয়াবিন ও ভুট্টার ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।


বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যায়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোতে দীর্ঘদিনের খরা ও অনাবৃষ্টির কারণে ফলন নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ফলন বিপর্যয়ের আশঙ্কায় বিশ্ববাজারে শস্যের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে অনেক মার্কিন কৃষক ভুট্টা ও গম চাষ কমিয়ে দেয়ার কথা ভাবছেন। সার ও জ্বালানির উচ্চমূল্যের কারণে চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় লাভের বদলে লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। ফলে সামনের দিনগুলোতে বৈশ্বিক বাজারে এসব নিত্যপণ্যের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুগশঙ্খ