ঢাকা, বাংলাদেশ

ওসমান হাদীর পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরো ১ কোটি দেবে সরকার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদীর পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য আরও ১ কোটি টাকা দেওয়া হবে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হাদীর পরিবারের জন্য দুটি আলাদা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য ১ কোটি টাকা দেওয়া হবে। পুরো অর্থ ব্যয় নাও হতে পারে। এ ছাড়া প্রধান উপদেষ্টার তহবিল থেকে আলাদাভাবে আরও ১ কোটি টাকা দেওয়া হচ্ছে পরিবারের জীবিকা নির্বাহের জন্য।’

ড. সালেহউদ্দিন জানান, আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দের বিষয়টি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

যুগশঙ্খ