ঢাকা, বাংলাদেশ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরীয় কোম্পানি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরীয় কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল) উপস্থিত ছিলেন।


চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর এ কারখানা স্থাপন করবে। কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক ও লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য উৎপাদন করা হবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা দিতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বোমজুন পার্ক বলেন, তাদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করে বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, সমীর বিশ্বাস, এ.এস.এম. আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুগশঙ্খ