মঞ্চেই হেনস্থার শিকার হলেন মিমি, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
বিনোদন ডেস্ক : একাধিক শিল্পীকে হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে প্রকাশ্যেই অপমান ও হেনস্থার শিকার হয়েছেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী, শুরু হয়েছে পুলিশি তদন্ত।
জানা গেছে, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে মিমি চক্রবর্তীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে অনুষ্ঠানে পৌঁছনোর অভিযোগ তুলে পারফরম্যান্স চলাকালীনই হঠাৎ তাকে মঞ্চ ছাড়তে বলা হয়। দর্শকদের সামনেই জোর করে অভিনেত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয় বলে অভিযোগ।
এই অপ্রত্যাশিত ঘটনায় হতবাক হয়ে পড়েন মিমি। অনুষ্ঠানে উপস্থিত বহু দর্শক তার পারফরম্যান্স দেখতে এবং তার সঙ্গে দেখা করতে অপেক্ষা করছিলেন। অনেকেই ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু সকলের সামনে এইভাবে অপমানিত হয়ে শেষ পর্যন্ত মঞ্চ ছাড়তে বাধ্য হন তিনি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন মিমি চক্রবর্তী।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, পারফরম্যান্স চলাকালীন দর্শকদের সামনে তাকে হঠাৎ চলে যেতে বলা হয়, যা অত্যন্ত অপমানজনক। তিনি আরও জানান, এই ধরনের আচরণের বিরুদ্ধে চুপ করে থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে এই ভাবনা থেকেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
তদন্তে একটি তনয় শাস্ত্রী নামের ব্যক্তির ভূমিকা উঠে এলেও, পুলিশি সূত্রে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘদিনের কেরিয়ারে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনও হইনি। একজন শিল্পী হিসেবে এই ব্যবহার অত্যন্ত অপমানজনক। অনেক দর্শক ও আয়োজক মনে করেন মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই মানসিকতা ভয়ঙ্কর। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব।
উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকেও হেনস্থার শিকার হতে হয়েছিল। একের পর এক শিল্পীর সঙ্গে এই ধরনের ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে বড় প্রশ্ন উঠছে। এই ঘটনার পর টলিউডে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিল্পীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে আয়োজকদের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস