ঢাকা, বাংলাদেশ

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই পীর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলার পাবলিক মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর তাঁর বক্তব্যে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলে দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কিন্তু কোন ইনসাফ? দাঁড়িপাল্লার এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আর অন্য পাল্লায় দেখি গোপনে ভারত। তিনি আরও যোগ করেন, আমরা আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা চাই ইসলামের ইনসাফ।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, কোনো দলই স্পষ্ট করে বলেনি যে তারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে; বরং তারা প্রচলিত ধারায় রাষ্ট্র চালানোর কথা বলেছে। তিনি দাবি করেন, গত ৫৪ বছরে প্রচলিত আইনের কারণেই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে এবং ভিনদেশের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে।


ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি এক দল ক্ষমতায় আসলে অন্য দল ঘর ছেড়ে পালায়। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না। তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে ইসলামের শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান।


উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

যুগশঙ্খ