অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের ছয় কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন। রাত সোয়া ৯টা পর্যন্ত তিনি রিটার্নিং কর্মকর্তার কক্ষে রয়েছেন।
জামায়াত জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, “সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইন্সটিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রগুলোতে অনিয়ম করা হচ্ছে।”
শাহিন আহমেদের অভিযোগ, মির্জা আব্বাস কলেজে বেশি ভোট পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে।
তিনি বলেন, “এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছেন না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারি।”
অভিযোগের বিষয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।