ঢাকা, বাংলাদেশ

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : চৈত্র মাস আসার আগে সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের ৮টি বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আগামী ৫ দিনেরই এই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ১১ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


১২, ১৩ ও ১৪ মার্চও দেশের ৮টি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে সোমবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

যুগশঙ্খ