নেতানিয়াহুকে হত্যার শপথ ইরানের, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘এই শিশুহত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তাহলে তাকে খুঁজে বের করতে এবং হত্যা করতে আমাদের পূর্ণ শক্তি ব্যবহার করব।’
এদিকে ইরান দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র এবং বিপুলসংখ্যক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানি সংবাদ সংস্থাগুলোর প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি সফলভাবে এই হামলা পরিচালনা করেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইরানের ফার্স প্রদেশের রাজধানী সিরাজের একটি আবাসিক এলাকায় আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ওই এলাকার আবাসিক ভবনগুলো শতভাগ ধ্বংস হয়ে গেছে। ইরান এই হামলাকে একটি ‘সন্ত্রাসবাদী’ এবং ‘মানবতাবিরোধী’ কাজ হিসেবে অভিহিত করেছে।
উল্লেখ্য, ঐতিহাসিক সিরাজ শহরটি ইউনেসকো স্বীকৃত এরাম গার্ডেনের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে উত্তর-পশ্চিম ইরান থেকে ২০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিম আজারবাইজান প্রদেশের কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সম্পর্কিত তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাঠিয়ে আসছিল। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল বর্তমানে ইরানের অভ্যন্তরে তাদের সোর্স বা তথ্যদাতাদের দেওয়া সংবাদের ভিত্তিতে চেকপয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার নতুন পর্যায় শুরু করেছে।
সূত্র: এপি