কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি, বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে।
বাংলাদেশ থেকে জাপানে কৃষি পণ্য আমদানি বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের বড় বড় নদীর অববাহিকায় অসংখ্য চর রয়েছে। যেখানকার মাটি উর্বর, সেগুলোতে মিষ্টি আলু জাতীয় ফসল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। জাপান আগ্রহী হলে সেখানে বৃহৎ পরিসরে অর্গানিক উপায়ে রপ্তানিমুখী কৃষি পণ্য উৎপাদন করা যাবে। জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান কৃষিমন্ত্রী।
সাক্ষাৎকালে রপ্তানিমুখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা আশা করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রাষ্ট্রদূত বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী।