ঢাকা, বাংলাদেশ

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এই রোগের লক্ষণ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।


বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন, সবাই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে এক হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে পাঁচ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮২ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। এই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনও হাম আক্রান্ত শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ছয়জন, রংপুর দু’জন এবং রাজশাহী বিভাগে পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

যুগশঙ্খ