ঢাকা, বাংলাদেশ

এসএসসি পরীক্ষা ২০২৬ : খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।


খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় শুধু নকল বন্ধ করলেই হবে না, খাতা মূল্যায়নেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। খাতা মূল্যায়নে কোনো পরীক্ষক নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে তা পুরো শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় পরীক্ষা দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পরীক্ষার প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাশত করা হবে না।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ভুল বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও দেশের শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের ন্যায্য পাওনা পায়।

এদিন সভায় জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকিতে মন্ত্রণালয় থেকে বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। এছাড়াও সভায় উপস্থিত শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও কেন্দ্র সচিবরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

যুগশঙ্খ