ঢাকা, বাংলাদেশ

যুদ্ধে দেড় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের এক হুমকির প্রেক্ষাপটে মঙ্গলবার নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, তিনিসহ ইরানের প্রায় দেড় কোটি মানুষ যুদ্ধের জন্য স্বেচ্ছায় জীবন উৎসর্গ করতে রাজি হয়েছেন।

বর্তমানে ইরানের মোট জনসংখ্যা প্রায় ৯ কোটি। এক্স পোস্টে পেজেশকিয়ান ১ কোটি ৪০ লাখ ইরানির কথা উল্লেখ করেছেন। সম্প্রতি হওয়া বিক্ষোভে কঠোর দমনপীড়নের কারণে জনগণের একটি বড় অংশ সরকারের ওপর ক্ষুব্ধ। ধারণা করা হচ্ছে, এই ১ কোটি ৪০ লাখের পরিসংখ্যানটি মূলত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বোমা হামলাকে নিরুৎসাহিত করতে দেওয়া হয়েছে।

এক্স পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আমি নিজেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব।’

এদিকে সম্ভাব্য হামলার মুখে তরুণ, খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাখার আহ্বান জানিয়েছে ইরানের সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় সুপ্রিম কাউন্সিলের (যুব) সচিব আলী রেজা রহিমি মানবপ্রাচীর গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রগুলো আমাদের জাতীয় সম্পদ ও পুঁজি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে এগুলো ইরানের ভবিষ্যৎ এবং ইরানি তরুণদের অধিকার।’

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ খুলে দেওয়ার ব্যাপারে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেওয়া হবে। সময়সীমা শেষ হবে মঙ্গলবার রাত আটটায়।

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ের কথা উল্লেখ করেছেন। যা বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোর ৬টা।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস

যুগশঙ্খ