ঢাকা, বাংলাদেশ

শবেবরাতে যেসব দোয়া পড়বেন

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : ইসলামের বরকতময় সময়গুলোর মধ্যে কিছু রাত রয়েছে, যেগুলো বান্দার আত্মশুদ্ধি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এসব রাত মানুষের অন্তরকে জাগ্রত করে, গাফিলতি ভেঙে দেয় এবং নতুনভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার আহ্বান জানায়। ঠিক তেমনই এক তাৎপর্যপূর্ণ রাত হলো শাবান মাসের মধ্যরাত, যা মুসলিম সমাজে ‘শবেবরাত’ নামে সুপরিচিত।

এই রাতকে কেন্দ্র করে যুগে যুগে মুসলমানদের মধ্যে ইবাদত, দোয়া ও আত্মসমালোচনার একটি ধারাবাহিক ঐতিহ্য গড়ে উঠেছে। যদিও কোরআনে কারিমে এ রাতের বিষয়ে সরাসরি কোনো বিধান নেই, তবে হাদিস ও সালাফে সালেহিনের বক্তব্য থেকে বোঝা যায়- এটি দোয়া কবুল ও আল্লাহর রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ সময়।


তবে একই সঙ্গে এ রাতের আমল সম্পর্কে ভারসাম্য, সুন্নাহর অনুসরণ এবং অতিরঞ্জন পরিহার করাও অপরিহার্য।

নিম্নে নিসফে শাবানের রাতের ফজিলত, দোয়া কবুলের গুরুত্ব এবং এ রাতে পাঠযোগ্য কিছু মাসনুন দোয়া হাদিস ও প্রামাণ্য সূত্রের আলোকে সংক্ষেপে উপস্থাপন করা হলো। যাতে একজন মুমিন সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বরকতময় সময়কে কাজে লাগাতে পারেন।


নিসফে শাবানের রাতের দোয়া আল্লাহতায়ালা কবুল করেন। তাই বেশি বেশি দোয়া করা উত্তম। হাদিসে এসেছে, ‘হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, পাঁচটি রাত এমন আছে, যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো- জুমার রাতের দোয়া। রজব মাসের প্রথম রাতের দোয়া। নিসফে শাবান তথা অর্ধ শাবানের রাতের দোয়া। ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া। ঈদুল আজহা তথা কোরবানির ঈদের রাতের দোয়া।’ -মুসান্নাফে আব্দুর রাজ্জাক

ইমাম শাফেয়ি (রহ.) বলেন, ‘আমাদের কাছে পৌঁছেছে যে, পাঁচটি রাতে দোয়া বেশি বেশি কবুল করা হয়। জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং নিসফে শাবান তথা শাবানের ১৫তম রাতের দোয়া।’ -কিতাবুল উম্ম, আস-সুনানুল কুবরা

তাই এ গুরুত্বপূর্ণ রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভ করতে নিচের দোয়াগুলো বেশি বেশি পড়তে পারেন-

رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صٰلِحًا تَرْضٰىهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ الصّٰلِحِينَ

উচ্চারণ: রাব্বি আওঝিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা সালেহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন।

অর্থ: ‘হে আমার রব! তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফিক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’ -সূরা নামল: ১৯

اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَ ضَلَعِ الدَّيْنِ وَ غَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতিল রিজালি।’

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই- দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। --সহিহ বোখারি: ৫৯২৩

اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنَ الْجُبْنِ وَاَعُوْذُبِكَ مِنَ الْبُخْلِ وَاَعُوْذُبِكَ مِن اَرْذَلِ الْعُمُرِ وَ اَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الدُّنْيَا وَ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়া আউজুবিকা মিন আরজালিল উমুরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আজাবিল কাবরি।’ -সহিহ বোখারি

اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِن جَهْدِ الْبَلَاءِ وَ دَرَكِ الشَّقَاءِ وَ سُوْءِ الْقَضَاءِ وَ شَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শাক্বায়ি ওয়া সুয়িল ক্বাজায়ি ওয়া শামাতাতিল আদায়ি।

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি অক্ষমকারী বিপদের কষ্ট থেকে, দুর্ভাগ্যের আক্রমণ থেকে; মন্দ ফায়সালা থেকে এবং শত্রুর হাসি থেকে।’ -সহিহ বোখারি

اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা।

অর্থ: হে আল্লাহ! তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করো। -জামে তিরমিজি: ৩৫৬৩

যুগশঙ্খ