ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনারে জিয়া পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে পরিবারের সদস্যরা মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এর আগে, রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এককভাবে, এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এবং দলীয় নেতাকর্মীদের নিয়েও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুগশঙ্খ