পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে এমন কোনও কাজ করা যাবে না, যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে (নিমোহ) এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।
তিনি বলেন, এই সাঁড়াশি অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। তালিকাভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসাই এই অভিযানের মূল লক্ষ্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলার যাবতীয় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থি ছিলেন।