পুলিশের ১১ ডিআইজিসহ ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের একজন পলাতক ডিআইজিসহ মোট ১১ জন উপ মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। পাশপাশি দুজন অতিরিক্ত ডিআইজিকেও অবসরে পাঠানো হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) (পলাতক) মহা. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম।
এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সদর দপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।