ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম-৫ : আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত :

চট্টগ্রাম-৫ : আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল
চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় আরও তিন জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বাতিলের এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের সইয়ের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের সইয়ের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক, শাকিলা ফারজানা এবং ইমাম উদ্দিন রিয়াদ নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের ভিত্তিতে দশ জনের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে কয়েকজনের সইয়ের সত্যতা পাওয়া যায়নি। তাই তিন স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক, শাকিলা ফারজানা এবং ইমাম উদ্দিন রিয়াদ মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকীর মনোনয়নপত্র অপেক্ষামান তালিকা রয়েছে।

আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মতিউল্লাহ নুরী, বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন ছিল। তখন মনোনয়ন ফরম জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মতিউল্লাহ নুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিন।

যুগশঙ্খ