খুলনায় নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের
যুগশঙ্খ ডেস্ক : কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছে।
কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য কর্মরত।
পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, শনিবার ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ সুপার বলেন, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি।
তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।