ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে বিএডিসি অফিসে অস্ত্র নিয়ে হুমকি, ঠিকাদার গ্রেপ্তার

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসে অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে মূলহোতা আলমগীর হোসেন নামের এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। পরে তারা তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে অফিস স্টাফদের গায়ে হাত তোলে ও হত্যার হুমকি প্রদান করে।

একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামের এক কর্মচারীকে মারধর করে। একপর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স-৪ এ অভিযোগ দায়ের করেন।

পরে অভিযান পরিচালনা করে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ সরকারি অফিসে ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ও কর্মকর্তাদের জীবননাশের হুমকির বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানায় সেনাবাহিনী।পরে মঙ্গলবার সকালে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত মনির ও মামুনসহ তাদের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানায় সেনাবাহিনী।

যুগশঙ্খ