ঢাকা, বাংলাদেশ

ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে গণভোটের মধ্য দিয়ে: আলী রীয়াজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে। আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে চালাবেন, এ গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করে দেয়ার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।


রোববার (১১ জানুয়ারি) দেশজুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।


গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ এ সম্মেলনের আয়োজন করা হয়। বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম সম্মেলনে অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। কিন্তু ৫৪ বছরে আমরা সেই লক্ষ্য অর্জনের কাছাকাছিও পৌঁছাতে পারিনি। গত ষোল বছরের ফ্যাসিস্ট শাসন, অত্যাচার ও নিপীড়ন থেকে এটুকু পরিষ্কার যে, এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা এগিয়ে যেতে পারব না।

তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমরা যে যার ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দেব, কিন্তু আগামীর দেশটা কেমন হবে তা নিয়ে আমাদের একমত হতে হবে।

গণভোট নিয়ে সংশয়ের অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনে ভোট দিয়ে আমরা যেমন প্রার্থী নির্বাচন করি, তেমনি গণভোটে অংশ নিয়ে জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ার পথে এগিয়ে যাব। এ সময় তিনি একটি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে গণভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক খুনি মাফিয়াকে বিতাড়িত করে দেশের মালিকানা পুনরুদ্ধারে সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলাম। আসন্ন গণভোট দেশ গড়ার পথে পরবর্তী বড় ধাপ। এ গণভোট ব্যর্থ হলে সেই খুনি মাফিয়া আবার ফিরে আসবে। সুতরাং সবার অংশগ্রহণের মাধ্যমে গণভোট সফল করার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, পলাতক ফ্যাসিস্টরা লুটের টাকায় অপপ্রচারের মাধ্যমে গণভোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এ মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজকে সত্য তথ্য তুলে ধরতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য আলেমরা গত ষোল বছরে অনেক অত্যাচার ও জুলুমের শিকার হয়েছেন। ইতিহাসে এ প্রথমবার দেশ কেমন হবে তা নির্ধারণের সুযোগ এসেছে। আশা করি, আসন্ন গণভোটে দেশের আলেম সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখবেন।

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম সম্মেলনে বক্তব্য দেন।

যুগশঙ্খ