মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ১০ দিন আগে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ভোরে হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে নৌ-পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)। এ ঘটনায় এখনো হিজলা উপজেলার পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে শাহীন সিকদার (১৮) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে মেঘনা নদীতে স্বজনরা খোঁজ চালিয়ে যাচ্ছেন।
হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, গত ১০ জানুয়ারি পাঁচ তরুণ জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা নদীর লালবয়া এলাকায় মাছ শিকারে যান। মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন। এ সময় নৌকার ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করলে তারা বিষয়টি টের পান।
তিনি জানান, নৌকা ডুবে যাওয়ার সময় পাঁচজন সাঁতরে তীরের দিকে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে শামীম দিদার সাঁতরে মেহেন্দিগঞ্জের মীরের খাল এলাকায় পৌঁছালে একটি নৌকা তাকে উদ্ধার করে। তবে অন্য চারজনকে তখন খুঁজে পাওয়া যায়নি। ওই সময় ঘন কুয়াশা ও তীব্র শীত ছিল, ধারণা করা হচ্ছে এসব কারণেই তারা নদীতে ডুবে মারা যান।
নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীর ও আরিফ সিকদারের লাশ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, দুপুরে মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার মীরা বাজার এলাকায় নয়ন বেপারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।