বরিশাল-৩: দুই যুগ পর আসন পুনরুদ্ধার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ দুই যুগের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে প্রায় ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এই ফলাফল ঘোষণা করেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৭১৬ জন ভোট দেন। আসনটিতে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ট্রাক প্রতীকে ৮৬০ এবং বাসদ প্রার্থী আজমুল হাসান জিহাদ মই প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট।
এ ছাড়া এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।
মুলাদী উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী কামাল হোসেন জানান, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে দুবার ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নির্বাচিত হন এবং আসনটি হারায় বিএনপি। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং ২০১৮ সালের নির্বাচনে জয় পায়নি। প্রায় ২৫ বছর পর এই আসনে পুনরায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বড় ব্যবধানে জয় পেয়েছেন।
এদিকে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানান।
বিজয় ঘোষণার পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, 'বাবুগঞ্জ-মুলাদীর প্রিয় জনগণের ভালোবাসা ও আস্থায় আমি নির্বাচিত হয়েছি। আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ— সততা, নিষ্ঠা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে সব সময় আপনাদের পাশে থাকব। বাবুগঞ্জ–মুলাদীর উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।'