ঢাকা, বাংলাদেশ

আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জেলে ফেরত আনলো বিজিবি

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ৭৩ জন জেলেকে ফেরত এনেছে বিজিবি। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে একই ঘাট থেকে নাফ নদের শূন্যরেখার উদ্দেশে রওনা দেয়। পরে নাফ নদের শূন্যরেখায় আরাকান আর্মি তাদের হস্তান্তর করে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জেলেদের দেশে এনে জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


তিনি আরও জানান, ধারাবাহিক কূটনৈতিক ও সীমান্ত আলোচনার ফলেই জেলেদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল। তবে এখনও আটক থাকা বাকি জেলেদের ফেরাতে বিজিবির পক্ষ থেকে আলোচনা অব্যাহত রয়েছে।


ফেরত আসা জেলে নূরুল আলম বলেন, ছয় মাস পর নিজ দেশে ফিরতে পেরে খুব খুশি লাগছে। মিয়ানমারে এখনও শতাধিক জেলে রয়েছে। মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আমাদের মারধর করা হয়েছে, অনেক সময় না খাইয়ে রাখা হয়েছে। আমার মতো অন্যদেরও নির্যাতন করা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া কমপক্ষে ২০০ জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাদের মধ্য থেকে এই ৭৩ জনকে ফেরত আনা হলো। বাকিদের ফিরিয়ে আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।

যুগশঙ্খ