জামালপুরে দর্শণার্থীর ভারে ভেঙে পড়েছে ব্রিজ: ৪ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৫
যুগশঙ্খ ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছে। এর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরের দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানান ফায়ার ফাইটার মো. হারুন অর রশীদ।
নিহতরা হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)। এ ঘটনায় আরও পাঁচ শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে। আহত হয়ে শান্তি নামে এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে বিকেলে স্থানীয়দের ব্যাপক ভিড় জমে। অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কিছু শিশু নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার মো. হারুন অর রশীদ জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
ঈদের আনন্দঘন সময়ে চার শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।