খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ
খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর শামসুর রহমান রোড এলাকায়পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রয়্যাল মোড়ে জড়ো হন। পরে সেখান থেকে শামসুর রহমান রোডের দিকে অগ্রসর হলে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের কাছে পুলিশ মিছিলটি থামাতে ব্যারিকেড স্থাপন করে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায় এবং ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অবস্থান নেন। সেখানে তারা স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীদের দাবি, ভারতের সাম্প্রতিক নীতিগত অবস্থান ও বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণে তারা প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করেছেন বলে জানান।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নিরাপত্তার জন্য আমরা কয়েক ধাপে ব্যারিকেড বসিয়েছিলাম। প্রথম ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিয়েছে। তবে দ্বিতীয় ব্যারিকেড পার হতে পারেনি তারা।”
তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে সরে যান। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।