সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারী নিহত
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ আগুন লেগে এক কর্মচারী নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে যাত্রী তুলতে জাহাজটি ঘাটে ভিড়ানোর সময় ইঞ্জিনরুমে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জাহাজের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় কর্মচারী নুর কামালের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়। তার বাড়ি টেকনাফের হ্নীলা বলে জানা গেছে।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, যাত্রীরা জাহাজে ওঠার আগেই আগুন লাগে। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।
আটলান্টিক জাহাজের কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল জানান, জাহাজের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। জাহাজে নিহত নুর কামাল রাতে ডিউটি করে ঘুমিয়েছিলেন। বুকিং করা পর্যটকদের বিভিন্ন জাহাজে করে সেন্টমার্টিন পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুনের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।