ভারতীয় সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাব।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই।
তিনি সাংবাদিকদের বলেন, আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা– জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার দরকার, ওই ধরনের প্রস্তুতি আমাদের আছে।
তিনি বলেন, রংপুরে সভা করে জানালাম, নির্বাচন উপলক্ষে বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করায় বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।
গতকাল শনিবার রাতে রাজধানীতে একটি অনলাইন পত্রিকা অফিস থেকে ২১ সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে– এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এটা দেখিনি।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।