রমজানে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানে অফিসসূচি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।