পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক : পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ কথা জানান।
পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে। এর বাইরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। যে কারণে এই প্রকল্পকে আমরা একটা মাস্টারমাইন্ড প্রকল্প বলছি।
তিনি আরও বলেন, এই প্রকল্পটি পদ্মা নদীর পানি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন-জীবিকা কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার জন্য অন্যতম ভিত্তি। আর সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের সম্ভাব্য সমীক্ষা ২০০৪ সালে শুরু হয়েছিল। এই সমীক্ষা শেষ হতে ২০১৩ সাল পর্যন্ত লাগে। সমীক্ষায় ব্যারেজ নির্মাণের জন্য সুপারিশ করা হয়। এবং বর্তমান সরকারের যে নির্বাচনি ইশতেহার, এই ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দেয়া হয়েছে।
মন্ত্রী জানান, এর ধারাবাহিকতায় পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্পের পিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৩৪ হাজার ৪৯৭ দশমিক ২৫ কোটি টাকা। এর বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল।
এ ছাড়া এ প্রকল্প বাস্তবায়িত হলে ২৮ দশমিক ৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, ‘উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদিত হবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। সেই সঙ্গে কর্মসংস্থান হবে প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের।’