ওয়াকআউট কি সরকারি দলকে জিজ্ঞাসা করে করবো: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক : তৃতীয়বারের মতো আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দলের সংসদ সদস্যরা। এরপরই ওয়াকআউট নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, “সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের কোনও মানে আছে কিনা এটা জানার জন্য দাঁড়িয়েছি। আশা করি, মাগরিবের নামাজের পর তারা ফিরে আসবেন।”
হলো তাই। মাগরিবের নামাজের পর অধিবেশনে যোগ দেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এরপরই ওয়াকআউট নিয়ে প্রশ্ন করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। জানতে চান, ওয়াকআউট করা কোনও অপরাধের পর্যায়ে পড়বে কিনা। এছাড়া বলেন, “সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করবো কি।”
বিরোধী দলীয় নেতা বলেন, “আমরা যেটা যৌক্তিক মনে করবো, সেটাতে আমরা আগেই বলেছি। আমরা একমত হব, সহযোগিতাও করব। যেটা আমাদের যুক্তিতে ধরবে না, এটার আমরা বিরোধিতা করব। এটা আমাদের দায়িত্ব ও অধিকার। আমি একটু জানতে চাচ্ছি, আসলে সংসদে সংসদ থেকে ওয়াকআউট করা, এটা কি কোনও অপরাধের পর্যায়ে পড়বে?”
প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া শফিকুর রহমান বলেন, “আমরা সকলেই তো জানি, এটা ডেমোক্রেটিক রাইট অ্যান্ড প্র্যাকটিস। আমাদের রাইটস আছে, সেই রাইটসের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি, আমরা আগের আলোচনায় সেরকম করেছি। কিন্তু, দুঃখের বিষয়, সিনিয়র যারা এখানে সদস্য আছেন তারা আগেও পার্লামেন্টে ছিলেন এবং এখনও এসেছেন তারা ভাগ্যবান। আমরা নতুন এসেছি। আমরা তাদের কাছ থেকেই শিখবো। কিন্তু, সেখানে যদি আমরা চলে যাওয়ার পরে সরাসরি কমেন্ট করা হয়, তাহলে পরিবেশ ক্ষুণ্ণ হবে?”
তিনি বলেন, “আমার জানার বিষয়, আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করবো এবং আবার ফিরে আসবো?”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ দাঁড়িয়ে যান। ডেপুটি স্পিকার তাকে বসার জন্য বার বার অনুরোধ করেন। স্পিকার বলেন, “আপনি দয়া করে বসুন, আমরা দিনের কার্যসূচিতে যাবো। যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়ে ছিলেন সেজন্য ওনাকে ফ্লোর দেওয়া হয়েছে। এখানে যদি সংসদ নেতা দাঁড়াতেন ওনাকে ফ্লোর দিতাম। আপনি অনুগ্রহ করে বসুন। লেটস স্টার্ট আওয়ার বিজনেস। প্লিজ টেক ইউর সিট। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। আমাদের বিলগুলো পাস করতে হবে। আমাদের এ জন্য তো অনেক কার্যক্রম হাতে আছে।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দলীয় নেতার প্রতি সম্মান প্রদর্শন করে উনারা ওয়ার্কআউট করার সময় আমি জাস্ট দাঁড়িয়ে বলেছিলাম, আইন প্রণয়নের সমস্ত স্টেপ পার হয়ে যাওয়ার পরে এটা কি রকম ওয়ার্কআউট। সেটা আমি বুঝতে পারি নাই। তবে, ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিলাম। এর বাইরে আমরা কোনও আলাপও করি নাই।”