ঢাকা, বাংলাদেশ

মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই: শিল্প সচিব

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনীয় গ্যাসের অভাবে দেশে একের পর এক সার কারখানা বন্ধ হয়েছে। এমনকি, মধ্যপ্রাচ্য থেকে সার আমদানি করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আরও খারাপ খবর দিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। আসন্ন মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত গোলটেবিল বৈঠকে সচিব এসব কথা বলেন। ‘বৈশ্বিক জ্বালানি-সংকট: বাংলাদেশে এর প্রভাব এবং মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, “হরমুজ প্রণালি দিয়ে গ্যাস আমদানিতে ঝুঁকি আছে। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ দেওয়ার জন্য সার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। সবকিছু মিলায়ে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এমন অবস্থায় আসন্ন মৌসুমে যে সার লাগবে তা সরকারের কাছে নেই।”

গ্যাস সংকটের কারণে দেশে চার লাখ টনের বেশি সারের ঘাটতি সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা এখন সার কারখানায় মাত্র তিন-চার মাস গ্যাস পাচ্ছি। জুন মাস পর্যন্ত কৃষির জন্য যে সার দরকার সেক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে, যেন জুন পর্যন্ত ছয় লাখ টনের ওপরে মজুত থাকে। কিন্তু, বর্তমান হিসাবে মাত্র দুই দশমিক ১৭ লাখ টন মজুত আছে। তার মানে চার লাখ টনের ওপরে সংকট এখন পর্যন্ত হিসাবে আছে।”

যুগশঙ্খ