সংরক্ষিত নারী আসন: দুই দিনে বিএনপির মনোনয়ন বিক্রি ১০২৫
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ শনিবার শনিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
এ দিন বিকেলে দলটির সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭৮/৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা কালকেই জমা দেবেন।
আজ নয়া পল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্র দলের সাবেক নেত্রীরাও মনোনয়ন পত্র কিনেছেন। তাদের মধ্যে রয়েছেন—কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সাংসদগণ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দলের ঊর্ধ্বতন নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে আবেদন যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সেটা শিগগিরই জানা যাবে।
রিজভী বলেন, ‘আমরা প্রত্যাশা করছি যে, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের দলের যে মনোনয়ন ফরম, সেটি আমরা বিতরণ করছি এবং এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে– সেই তথ্যগুলোসহ আমাদের কাছে জমা দেবেন।’
প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, ‘বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের ওপরে চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন–নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন-নির্যাতনের শেষ ছিল না। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আমি মনে করি– দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে, সংসদে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকে নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
মনোনয়ন প্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ মন্তব্য করে রিজভী বলেন, ‘সময় কম। দ্রুতই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। কারণ চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনে গিয়ে তাদের কাজ আছে।’
মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে বলে জানান রিজভী।
গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।