মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই-এর চাওয়ায় তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর।
সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তারা পিএসএলের ১১তম আসরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে।
পিএসএল মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘ব্যাটাররা একটু নড়েচড়ে বসো। মুস্তাফিজ আসতে যাচ্ছে।’ তবে পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজিতে কাটার মাস্টার খ্যাত ফিজ যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজ। তিনি নিলামে শীর্ষ ক্যাটাগরিতে আছেন। আগামী ১ ফেব্রুয়ারি পিএসএলের নিলাম হবে। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া পিএসএলের ১১তম আসরে দুটি দল বাড়তে যাচ্ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানোদের মধ্যে ইনভেলেক্স সোলার ইনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিস দল নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে চূড়ান্ত হয়েছে। দল পাওয়ার জন্য ৮ জানুয়ারি নিলাম হবে। পিএসএলে আসতে যাওয়া নতুন দলও মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে অগ্রিম আলাপ-আলোচনা করে রাখতে পারে।
পিএসএলের আগামী আসর আগামী ২৬ মার্চ শুরু হবে। একইদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে। আইপিএল শেষ হবে মে’র একেবারে শেষে। অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার হওয়ার পরে পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন তিনি।
৩০ বছর বয়সী টাইগার তারকা এর আগে কেবল একবারই পিএসএলে খেলেছেন, ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সেবার পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার আট বছর পর লিগটিতে ফিরতে যাচ্ছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বিতর্কিতভাবে দলটির স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা আসে।
মোস্তাফিজকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হয়েছে এক নজিরবিহীন টানাপোড়েন ও উত্তাপ। যার রেশ গড়িয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয়, নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করবে না জাতীয় দল। ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসিকে চিঠি পাঠিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করে তারা। পাশাপাশি সরকারের তথ্য মন্ত্রণালয় ঘোষণা দেয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।
বর্তমানে বিসিবি অপেক্ষা করছে আইসিসির কাছ থেকে চিঠির জবাব পাওয়ার। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এসেছে মোস্তাফিজের পিএসএলে নাম লেখানোর খবর।