বড় ২ তারকাকে ফিরিয়ে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অধিনায়ক বাবর আজম এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক তিন ম্যাচের সিরিজ মিস করার পর আবারও টি–টোয়েন্টি দলে ফিরেছেন। ওই সিরিজটি ১–১ সমতায় শেষ হয়েছিল।
সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি আয়োজিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৪টায়।প্রতিবেদন জিও সুপারের।
২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। এটি হবে পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি–টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে গাদ্দাফি স্টেডিয়ামে একমাত্র টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা।
এই সিরিজটি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। বিশ্বকাপে পাকিস্তান পড়েছে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া ‘গ্রুপ বি’-তে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ১২টি। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে কোনো ফল হয়নি।
পাকিস্তানের ১৬ সদস্যের দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।