আইসিসিকে সমর্থন জানিয়ে বাংলাদেশকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক স্পিনার
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পরও নির্ধারিত সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তে আইসিসিকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, বাংলাদেশ টুর্নামেন্টে অংশ না নিলে বড় কোনো প্রভাব পড়বে না। কানেরিয়ার মন্তব্য, ‘এমন নয় যে তারা (বাংলাদেশ) শীর্ষ চারেও শেষ করত।’ প্রতিবেদন টাইমস অব ইন্ডিয়ার।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, তারা ভারতে যাবে না এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করে। তবে বুধবার আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।
সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘মুস্তাফিজুর (রহমান) কেকেআর দলে ছিলেন, কিন্তু (ভারতীয় জনগণের) ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণে তাকে বাইরে বাদ দেয়া হয়। কেকেআরের মালিক শাহরুখ খান তাকে ছেড়ে দেন। এতে বিসিসিআই বা আইসিসির কোনো চাপ ছিল না।’
তিনি আরও দাবি করেন, ‘বিসিসিআই বা আইসিসি কখনোই বাংলাদেশকে ভারতে না আসতে বলেনি। বরং তাদের স্বাগত জানানো হয়েছিল। আইসিসির আওতাধীন সব দলই সর্বোচ্চ নিরাপত্তা পায়।’
আইসিসির বৈঠকের প্রসঙ্গ টেনে কানেরিয়া বলেন, ‘আপনারা দেখেছেন, বৈঠকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজসহ আইসিসির সব দেশের বোর্ড উপস্থিত ছিল। ভোটাভুটিতে সবাই আইসিসির প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন করে বিপক্ষে ভোট দেয়। অর্থাৎ মাত্র দুটি ভোট এর বিরুদ্ধে পড়ে।’
বাংলাদেশের কঠোর অবস্থান ভবিষ্যতে দেশটির ক্রিকেটের ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেন এই সাবেক স্পিনার। তার ভাষায়, ‘দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। আইসিসি সব সময় একটি দেশের দাবি মেনে নেবে, এমন ভাবনা কাজ করে না। ভবিষ্যতে ভারত এমনিতেই বাংলাদেশের সঙ্গে খেলবে না, আর সেটাই তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে।’
আইসিসির সিদ্ধান্ত প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে কানেরিয়া বলেন, ‘বড় টুর্নামেন্ট শেষ মুহূর্তে বদলানো যায় না। পুরো টুর্নামেন্ট কাঠামো, সূচি, দলের যাতায়াত; সবকিছু নতুন করে সাজাতে হয়। শেষ মুহূর্তে এসব পরিবর্তন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি মনে করে তারা খেলতে চায় না, তাহলে না খেলুক। তাতে খুব একটা পার্থক্য হবে না; তারা শীর্ষ চারে যাওয়ার মতো দল ছিল না।’
পাকিস্তানও বাংলাদেশের পথ অনুসরণ করতে পারে, এমন জল্পনা উড়িয়ে দিয়ে কানেরিয়া বলেন, ‘আইসিসির বিকল্প প্রস্তুত রয়েছে। আমি মনে করি না পাকিস্তান এমনটা করবে। কারণ যে দেশ সরে দাঁড়ায়, ক্ষতিটা তারই হয়। জরিমানা, নিয়মকানুন আছে। বাংলাদেশ না এলে স্কটল্যান্ড আসতে পারে। পাকিস্তান না এলে অন্য কোনো দল আসবে। নামিবিয়া ভালো ক্রিকেট খেলছে। আইসিসি বা বিসিসিআই এতে ক্ষতিগ্রস্ত হবে না।’