ঢাকায় শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্স ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘সাউদিয়া এয়ারলাইন্স ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট’। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সৌদি এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার মোট ৩৫টি দল অংশ নিচ্ছে। দুই দিনে মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এটি কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে শান্তি, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি, ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো ডি মাসি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনগলেট, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হুসেন ফকির প্রমুখ।
সাউদিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের এই মিলনমেলায় যুক্ত থাকতে পেরে সাউদিয়া গর্বিত।” অন্যদিকে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক এই আয়োজনকে ‘বহুপাক্ষিক সম্পর্কের চমৎকার প্রদর্শনী’ হিসেবে অভিহিত করেন।
আয়োজকরা জানান, ক্রীড়া কূটনীতিকে কেন্দ্র করে এই টুর্নামেন্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সংলাপ, সদ্ভাব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীকাল শনিবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।