পাকিস্তানকে রাজি করাতে যে কৌশল নিয়েছে আইসিসি
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ম্যাচ বয়কট করলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আইসিসি। তার আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি তাদের নানাভাবে সতর্কবার্তা দিয়ে রেখেছে। পাশাপাশি ভিন্ন চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
টুর্নামেন্টে মূলত ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের নির্দেশ আসে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। তার পর থেকেই তৎপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি এই পরিস্থিতি সামাল দিতে সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে।
রেভস্পোর্টজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ভিন্ন চ্যানেলে কূটনৈতিক আলোচনা চালিয়ে ম্যাচটি খেলতে রাজি করানোর দায়িত্ব খাজাকে দেওয়া হয়েছে। ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।
ইমরান খাজা আবার সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি। আইসিসির ভেতরে তাকে একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, যিনি সব পক্ষের সঙ্গে কথা বলতে সক্ষম। এর আগে ২০১৭ সালে আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এসব কারণেই পাকিস্তানকে বোঝানোর দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।