ঢাকা, বাংলাদেশ

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়িয়েছে বিসিবি

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন সিদ্ধান্ত এসেছে। জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার তার বক্তব্য এবং দলিল উপস্থাপন করতে অতিরিক্ত সময় চাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্তের সময়সীমা আরও বাড়িয়েছে। এর ফলে মনজুরুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে স্বাধীন কমিটি আরও সময় পাবে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিবরণ এবং প্রয়োজনীয় বক্তব্য দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। তার অনুরোধে তদন্তের মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

এর আগে, নারী জাতীয় দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা। অভিযোগটি সামনে আসার পর বোর্ড একটি তিন সদস্যবিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যাদের ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

বিসিবি জানিয়েছে, জাহানারার অনুরোধ মেনে সময়সীমা পরিবর্তন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।

যুগশঙ্খ