হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলীর মৃত্যু
ক্রীড়া ডেস্ক : ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ দুপুরে সিলেটে ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও সাবেক ক্রিকেটার মাহবুব আলী জাকি আজ শনিবার ম্যাচ দুপুরে সিলেটে ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে ওয়ার্ম আপ করছিলেন খেলোয়াড়রা। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন মাহবুব আলী। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেয়ার পর জানা যায়, মাহবুব আলী আর নেই। তার মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে আর বাঁচানো যায়নি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৫৯ বছর বয়সী জাকি বিশেষজ্ঞ পেস বোলিং কোচ, যিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন এবং সর্বশেষ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন।
বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলিং বিভাগের উন্নতিতে মূল্যবান অবদান রেখে যাওয়ায় মাহবুব আলী জাকির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিসিবি। বিসিবি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।