ঢাকা, বাংলাদেশ

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধান এ জামাতে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

যুগশঙ্খ