ঢাকা, বাংলাদেশ

মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতাই রায় চৌধুরী

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।


নিতাই রায় চৌধুরী এর আগেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চতুর্থ জাতীয় সংসদে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।


১৯৯০ সালের ২ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুগশঙ্খ